খাদেমুল ইসলাম ফরহাদ, ইবি প্রতিনিধি :: 
যথাযোগ্য মর্যাদায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। 
একই দিন রাত পৌনে বারোটায় কালো ব্যাজ ধারণ করে প্রশাসন ভবন চত্বর হতে উপাচার্যের নেতৃত্বে শোক র‍্যালিত বের হয়। র‍্যালিতে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হকসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নেয়।
র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ মিনারে এসে সমবেত হয়। সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন, জিয়া পরিষদ, ইউট্যাব, শাখা ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, বিভিন্ন বিভাগ, হল এবং সামাজিক-সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ভাষা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং তাদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আশরাফ উদ্দীন খান।
রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হয়।
এর আগে গতকাল শুক্রবার বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ভাষা শহিদদের রুহের মাগফিরাতের কামনায় পবিত্র কুরআন খানি এবং বাদ জুম্মা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, একুশের প্রথম প্রহরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহিদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠানে শহিদ জিয়াউর রহমানের নাম না নেওয়ায় প্রতিবাদ করে শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। ছাত্রদলের প্রতিবাদের মুখে ও ভিসি ও প্রোভিসির হস্তক্ষেপে দ্বিতীয়বার মোনাজাত করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম। পরে দোয়া শেষে এই ঘটনা নিয়ে কয়েকবার হট্টগোলের ঘটনা ঘটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here