খাদেমুল ইসলাম ফরহাদ,ইবি প্রতিনিধি ::
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য মাসব্যাপী ফ্রি সাহরি ও ইফতারের ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘হ্যান্ডস ফর হিউম্যানিটি’। এমন ব্যতিক্রমী আয়োজন ক্যাম্পাসে আলোড়ন সৃষ্টি করেছে।
জানা যায়, ক্যাম্পাসের শিক্ষার্থীদের আটটি হলের ডাইনিং ম্যানেজারদের নিকট নির্দিষ্ট খাতা রাখা হয়েছে। সেখানে শিক্ষার্থীরা শুধুমাত্র টোকেনের মূল্য ও স্বাক্ষর করেই শিক্ষার্থীরা সাহরি নিতে পারবে। এক্ষেত্রে শিক্ষার্থীর কোনো পরিচয় লেখার প্রয়োজন নেই। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে সবার জন্য ইফতারের আয়োজন করা হয়েছে। সেখানে নারী শিক্ষার্থীদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে।
সংগঠনটির অভ্যন্তরীণ ফান্ড ও বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষার্থীর ব্যক্তিগত সহায়তায় এ প্রজেক্টের আয়োজন করা হয়েছে বলে জানা যায়। তবে প্রজেক্টে অধিক সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণ করলে প্রয়োজনীয়তার উপর নির্ভর করে অর্থ সংগ্রহ করা হতে পারে।
এ বিষয়ে সংগঠনটির আহ্বায়ক আমির ফয়সাল বলেন, আমাদের অনেক শিক্ষার্থী ভাই-বোন আছে যারা আর্থিক সংকটের কারণে অনেক কষ্টে দিনাতিপাত করে। রমজান মাসে এসে এই কষ্ট আরো বেড়ে যায়। রোজাদার ভাইবোনদের কষ্ট লাঘবের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা ইতোমধ্যেই সকল হলের ডাইনিংয়ে খাতা রেখে এসেছি, সেখানে শিক্ষার্থীরা কোন প্রকার সংকোচবোধ ছাড়াই আমাদের এই সুবিধা নিতে পারবে। এতে সুবিধাভোগীর কোন পরিচয়ন দিতে হবে না।
এর আগে, এই কার্যক্রমের জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলামের নিকট আবেদন দেয় সংগঠনটির সদস্যরা। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে এই প্রজেক্ট চালু করা হয়।