
সামিন আরহাম, স্পোর্টস ডেস্ক ::
ঘটনাটি গত শনিবারের। ইংলিশ চ্যাম্পিয়নশিপে চার্লটন অ্যাথলেটিকোর বিপক্ষে ম্যাচে ক্রাচে ভর দিয়ে মাঠ ছাড়েন লেস্টার সিটির অধিনায়ক হামজা চৌধুরী। ডান হাঁটু ধরে মাঠে যেভাবে শুয়ে ছিলেন তিনি, তাতে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছিল। কারণ, ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ। তার আগে ভিয়েতনামের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার কথা হ্যাভিয়ের ক্যাবরেরার দলের।
গুরুত্বপূর্ণ দুই ম্যাচের আগে ইংল্যান্ডপ্রবাসী এ ফুটবলারের ইনজুরিতে পড়াটা উদ্বেগ বাড়িয়েছে। তবে স্বস্তির খবর হলো, আপাতত ছুরির নিচে যেতে হচ্ছে না হামজাকে। ছয় থেকে সাত সপ্তাহের মতো মাঠের বাইরে থাকতে হচ্ছে তাঁকে। এই সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠলে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের জার্সিতে দেখা যাবে এ ডিফেন্সিভ মিডফিল্ডারকে।



