
সামিন আরহাম, স্পোর্টস ডেস্ক ::
নিরাপত্তা ইস্যুতে ভারতে চলমান ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। তবে মাঠের বাইরে থাকলেও সুখবর পেল টাইগাররা। র্যাঙ্কিংয়ের সুবিধায় ২০২৮ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
আইসিসির নিয়ম অনুযায়ী, ২০২৮ বিশ্বকাপের আয়োজক দেশ এবং চলমান ২০২৬ আসরের সুপার এইটে ওঠা দলগুলো সরাসরি পরবর্তী বিশ্বকাপে জায়গা করে নেবে। ২০২৮ আসরে মোট ২০টি দল অংশ নেবে। এর মধ্যে ১২টি দল সরাসরি এবং বাকি ৮টি দল আঞ্চলিক বাছাইপর্ব পেরিয়ে আসবে।
বুধবার নামিবিয়াকে হারিয়ে পাকিস্তান সুপার এইট নিশ্চিত করায় ২০২৬ আসরের শেষ আটের চিত্র পরিষ্কার হয়েছে। গ্রুপ ‘এ’ থেকে ভারত ও পাকিস্তান, গ্রুপ ‘বি’ থেকে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে, গ্রুপ ‘সি’ থেকে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড এবং গ্রুপ ‘ডি’ থেকে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড সুপার এইটে উঠেছে। এই ৮টি দলও ২০২৮ বিশ্বকাপে সরাসরি খেলবে।
২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও ২০টি দল অংশ নেবে। ১২টি দল সরাসরি যোগ্যতা অর্জন করলেও বাকি ৮টি দল আসবে বিভিন্ন অঞ্চলের বাছাইপর্ব পেরিয়ে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মাটিতে বসবে এই আসর।



