নজরুল ইসলাম, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি :: লক্ষ্মীপুরের রামগতিতে দুই মোটরসাইকেল সংঘর্ষে মো. সাহাবউদ্দিন (৬০) নামের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মো. মঞ্জুর(২৪) ও মো. আরিফ নামে অপর দুই আরোহী আহত হয়েছেন।
আজ রবিবার সকালে উপজেলা পরিষদ এলাকায় আলেকজান্ডার-সোনাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাহাবউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে রামগতি পৌরসভার শিক্ষাগ্রাম এলাকার সেরজল হকের ছেলে।
সে উপজেলা বিএনপি’র সদস্য সচিব মো. জামাল উদ্দিনের বড় ভাই। আহত মো. মঞ্জুর(২৪) আলেকজান্ডার ইউনিয়নের সবুজগ্রামের নসু বেপারীর ছেলে ও মো. আরিফ একই এলাকার আজিম উদ্দিনের ছেলে। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
মো. জামাল উদ্দিন জানান, রবিবার সকালে তার বড় ভাই সাহাবউদ্দিন মোটরসাইকেলে বাড়ি থেকে উপজেলা সদর আলেকজান্ডার বাজারে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে তার মোটরসাইকেল সংঘর্ষ হয়।
গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে অবস্থার অবনতি হওয়ায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।



