রেজাউল হক, রামগতি(লক্ষ্মীপুর) প্রতিনিধি :: তথ্য অধিকার বিষয়ে জনগনের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে গত ২৮ সেপ্টেম্বর রামগতি উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে সামাজিক সুরক্ষা ফোরামের উদ্যোগে ও এনআরডিএস এর সহযোগিতায় আন্তজার্তিক তথ্য অধিকার দিবস উদযাপন করা হয়।
“তথ্য পেলে মুক্তি মেলে-সোনার বাংলার স্বপ্ন ফলে”-এ শ্লোগানকে সামনে রেখে দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শফি কামাল। সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদ।
সভায় শুভেচ্ছা বক্তব্য ও তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন প্রকল্পের মনিটরিং এন্ড ডকুমেন্টেশন অফিসার মো: তাজুল ইসলাম।
এছাড়া সভায় মানুষের জন্য ফাউন্ডেশন এর প্রোগ্রাম ম্যানেজার সুমনা সুলতানা মাহমুদ, ডিপুটি প্রোগ্রাম ম্যানেজার মহসিন কবির ও সোমা দত্ত, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, পল্লী উন্নয়ন কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সামাজিক সুরক্ষা ফোরামের নেতৃবৃন্দ ও বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিল।
মানুষের জন্য ফাউন্ডেশন এর প্রোগ্রাম ম্যানেজার সুমনা সুলতানা মাহমুদ বলেন, রামগতির প্রতিটি সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান হতে জনগন তথ্য জানতে চাইলে প্রতিষ্ঠান তা দিতে বাধ্য থাকিবে। তথ্য পেলে সরকারের প্রতি জনগনের আস্থা বাড়বে, তথ্য জানলে জনগন সমৃদ্ধ হবে। তিনি সকল জনগন বিশেষ করে যারা অসহায় ও নদীভাঙ্গনের কবলে পড়েছেন তাঁরা যেন সহজে তথ্য পেতে পারে, সে সম্পর্কে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন এবং জনগনকেও সঠিক তথ্য আদায় ও জানার জন্য অনুরোধ করেন।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, দৈনন্দিন জীবন যাপনের জন্য প্রত্যেক মানুষের বিভিন্ন তথ্য জানার প্রয়োজন পড়ে, তথ্য জানা থাকলে অনেক সমস্যা সহজে সমাধান করা যায়, সেক্ষেত্রে তথ্য গ্রহনকারী ও প্রদানকারী উভয়কে আগ্রহী হতে হবে। বিভিন্ন তথ্য সংশ্লিষ্ট দপ্তর ও ওয়েব সাইট এ সংযুক্ত আছে, সে স্থান হতে তথ্য সংগ্রহের জন্য সকলকে আহবান জানান।



