ডেস্ক রিপোর্ট:: নগরপ্রতিদ্বন্দ্বী এসপানিওল থেকে এবার নতুন গোলরক্ষক দলে ভেড়াল স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা। ২৪ বছর বয়সী হুয়ান গার্সিয়ার সঙ্গে তারা ২০৩১ সাল পর্যন্ত চুক্তির ঘোষণা দিয়েছে। তাকে নিয়ে দুই দল চুক্তি করেছে ২৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৫১ কোটি টাকা। এদিকে, আগে থেকেই কাতালানদের ডেরায় আছেন তিন গোলরক্ষক– মার্ক আন্দ্রে টের স্টেগান, ভয়চেক সিজনি ও ইনাকি পেনা।

 

তরুণ এই গোলরক্ষককে নগরের প্রতিদ্বন্দ্বী ক্লাবের কাছে হারাতে চায়নি এস্পানিওল। কিন্তু ২৫ মিলিয়ন ইউরোর অঙ্কটাও তারা অগ্রাহ্য করতে পারেনি, এর ভেতর রয়েছে তাদের নির্ধারিত রিলিজ ক্লজের মূল্যও। হুয়ান গার্সিয়ার জন্য অবশ্য ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, নিউক্যাসল ইউনাইটেড, অ্যাস্টন ভিলা ও বোর্নমাউথের মতো ক্লাবগুলোও আগ্রহী ছিল।

 

অবশ্য বার্সেলোনার নতুন এই সাইনিংয়ের প্রতি ঝোঁক থাকলেও, সিটি কোচ পেপ গার্দিওলা তার স্কোয়াডে থাকা দুই গোলরক্ষক নিয়ে সন্তুষ্ট বলেও জানান। ইতিহাদের ক্লাবটিতে আগে থেকেই গোলরক্ষক হিসেবে আছেন এডারসন মোরায়েস ও স্টেফান ওর্তেগা। এদিকে, নতুন গোলরক্ষক গার্সিয়াকে বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিকে কীভাবে ব্যবহার করেন এখন সেটাই দেখার বিষয়।

 

৩৩ বছর বয়সী জার্মান গোলরক্ষক টের স্টেগান এক দশক ধরে বার্সেলোনার নম্বর ওয়ান পছন্দ। সদ্য সমাপ্ত মৌসুমের প্রায় পুরোটাই তিনি হাঁটুর চোটের কারণে মাঠের বাইরে কাটিয়েছেন। শেষদিকে এসে খেলেছেন দুটি ম্যাচ। কিন্তু শিরোপা প্রত্যাশী বার্সা ওই সময়ে বড় কোনো মুখের প্রত্যাশায় ছিল। ফলে অবসর ভেঙে তারা দলে ভেড়ায় সিজনিকে। অভিজ্ঞ এই তারকা গোলরক্ষক তাদের প্রতিদানও দিয়েছেন। তার সঙ্গে চুক্তির ক্লাবটির চুক্তির মেয়াদ রয়েছে জুনের শেষ পর্যন্ত। তবে ইতোমধ্যে সেই মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে বার্সা।

 

এ ছাড়া ইনাকি পেনা বার্সেলোনার বয়সভিত্তিক দলের গ্র্যাজুয়েট। যদিও তিনি কখনোই সিনিয়র দলের প্রথম পছন্দ ছিলেন না। আগে টের স্টেগান এবং গত মৌসুমে ছিলেন সিজনির ছায়ায়। ফলে ২৬ বছরের এই গোলরক্ষক আগামী গ্রীষ্মে নিয়মিত একাদশে জায়গা পাবেন এমন দলে যোগ দেওয়ার প্রচেষ্টায় আছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here