রংপুরের কাউনিয়া উপজেলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ৬ যাত্রী নিহত এবং ৩৫ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হতাহতের সংখ্যা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

নিহত ৪ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- কুড়িগ্রামের সদর উপজেলার কথাকাটার সফু (৪২), সাইদুল (৩৮), হানিফ (৪২) ও দুলাল (৩৫)।

রংপুর-কুড়িগ্রাম-মহাসড়কের মিরবাগ এলাকায় শুক্রবার রাত পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কাউনিয়া থানার ওসি (তদন্ত) মুজিবুর রহমান বলেন, এস কে লাইন নামের একটি পরিবহন সংস্থার বাসটি রংপুর-কুড়িগ্রাম সড়কের বিজলের ঘণ্টি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। ঘটনাস্থলেই মারা যায় পাঁচজন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরো একজনের মৃত্যু হয় বলে ওসি জানান।

যাত্রীরা ওসির কাছে অভিযোগ করেন, বাসটি দুলতে থাকলে তারা বাস থেকে নেমে যেতে চাইলে এর চালক, সুপারভাইজার ও হেলপার তাদের হরতালের ভয় দেখিয়ে গাড়িতে রেখে দেয়।

এ ঘটনায় কাউনিয়া থানায় শুক্রবার সকালে একটি মামলা হয়েছে।

বাসটির চালক, হেলপার ও সুপারভাইজার পলাতক। নিহতদের লাশ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/রংপুর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here