ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানস্থলে বেলুন বিস্ফোরণ হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

আহতরা হলেন- মো. মাজহারুল ইসলাম (২৭), মো. বিল্লাল (৪৫), মো. ফাহাত (২০), মো. মুনসুর ইসলাম (৩৮), মো. শরীফ (৩২), মো. পলাশ (২১), মো. হাবিবুল্লাহ (২৩), মো. ইয়াসিন (২৫), মো. মিশু (২৩), মো. মিহাত (১৭)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান সমকালকে বলেন, আহত ১০ জন আমাদের হাসপাতালে আসেন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

গত বছরের এই দিনে দুপুর ২টা ২৫ মিনিটে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যায়। তার পালানোর সেই মুহূর্ত স্মরণীয় করে রাখতে এ বেলুন উড়ানো হয় বলে জানায় আয়োজকরা।

শেখ হাসিনা হেলিকপ্টারে করে পালায় বলে গ্যাস বেলুনটিও সেইভাবে হেলিকপ্টারের আদলে তৈরি করা হয়েছিল বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঞ্চের পাশে থাকা একটি স্পিকারের তারে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কিছু বেলুনে। এতে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কয়েকজন মানুষ আহত হন। তাৎক্ষণিকভাবে সাধারণ মানুষদের আশ্বস্ত করেন সঞ্চালকরা। ঘটনার পরপরই সঞ্চালকরা দর্শনার্থীদের শান্ত থাকার আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here