মোঃআশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জে প্রতিনিধি ::
মাদক চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) কর্তৃক সোনামসজিদ সীমান্তে পৃথক দুইটি অভিযানে ফেন্সিডিল ও ইয়াবা ট্যাবলেটসহ একজন চোরাকারবারীকে আটক করা হয়েছে।
বুধবার (০৫ নভেম্বর ২০২৫) রাতে ১০ টা ব্যাটালিয়নের অধীনস্থ সোনামসজিদ বিওপির টহলদল পৃথক এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, প্রথম অভিযানে মধ্যরাতে বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৮৪/৪-এস হতে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে, শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর গ্রামে অভিযান চালায়। এ সময় টহলদল মালিকবিহীন অবস্থায় ২৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে।
অপরদিকে, একই দিনে সন্ধ্যা ৬টার দিকে আরেকটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৮৪/৪-এস হতে প্রায় ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে, শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের লাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশের পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে। এ সময় টহলদল মোঃ রুবেল হোসেন (৩৯), পিতা মৃত গাউস উদ্দিন, গ্রাম চরদৌলতপুর, ডাকঘর-শিবগঞ্জ, থানা-শিবগঞ্জ, জেলা চাঁপাইনবাবগঞ্জকে ১০৭ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং একটি মোটরসাইকেল (Hero HF Deluxe 100 CC)সহ আটক করে।
আটককৃত ফেন্সিডিল জিডি করে ইতোমধ্যে শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে। এছাড়া আটক আসামি ও ইয়াবা ট্যাবলেট মামলা দায়েরের পর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন।
“মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সদস্যরা সর্বদা সজাগ ও তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও যে কোনো ধরনের অবৈধ চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।
তিনি মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান এবং এ বিষয়ে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।