মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি ::
নোয়াখালী-৫ আসনের বিএনপি প্রার্থীর পথসভায় গিয়ে নেতাকর্মীদের হাতে হেনস্তার শিকার হন দলের স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের সহধর্মিণী  হাসনা মওদুদ।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে নোয়াখালী সদরের অশ্বদিয়া ইউনিয়নের বাল্যাকোট্টা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অশ্বদিয়া ইউনিয়নের নেতাকর্মীদের আয়োজিত এক পথসভায় হাসনা মওদুদ বক্তব্য দেন। এসময় তিনি নোয়াখালী-৫ আসনের ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী মো. ফখরুল ইসলামকে অযোগ্য ও অপরিচিত বলে আখ্যা দেয়ার অজুহাত এনে উপস্থিত নেতাকর্মীরা বক্তব্যের প্রতিবাদ করেন। কয়েকজন তার হাত থেকে মাইক কেড়ে নেন আর বক্তৃতা দিতে দেননি। উত্তেজিত নেতাকর্মীরা তার গাড়ি থেকে ধানের শীষ অঙ্কিত প্রতীক খুলে নেওয়া হয়।
জানতে চাইলে হাসনা মওদুদ বলেন, তিনি আমেরিকান প্রবাসী কবির হোসেন নামের এক ব্যক্তির দাওয়াতে গিয়ে একটি পথসভায় বক্তব্য দেন। সেখানে বিএনপির প্রার্থী ফখরুল ইসলামকে অযোগ্য বলার সঙ্গে সঙ্গে উচ্ছৃঙ্খল কর্মীরা তাঁর সঙ্গে খারাপ আচরণ করেন।
তিনি আরো বলেন, আজকে যারা (উচ্ছৃঙ্খল নেতাকর্মী) উচ্ছৃঙ্খল বাহিনীই এখন তারেক জিয়ার বিএনপি করে । তারা দলকে কোথায় নিয়ে গেছে তা বলার অপেক্ষা রাখে না।
অশ্বদিয়া ইউনিয়নে ধানের শীষের সমন্বয়ক জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু হাসান মো. নোমান বলেন, হাসনা মওদুদ আমাদের প্রয়াত নেতার স্ত্রী। উনাকে কে বা কারা হেনস্তা করেছে তা জানি না। তবে শুনেছি, তিনি ধানের শীষের প্রার্থীর বিরোধিতা করতে গিয়ে তারেক রহমানের সমালোচনা করায় ক্ষুব্ধ নেতাকর্মীরা তার মাইক কেড়ে নিয়েছে।
অশ্বদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তানসেন বলেন, হাসনা মওদুদ আহমেদকে আমরা পথসভায় দাওয়াত করিনি। তিনি এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে এসে পথসভায় যোগ দেন। তিনি খারাপ কিছু বলেননি।
জেলা বিএনপির সদস্য শহীদুল ইসলাম কিরণ বলেন, তিনি বিএনপি বা দলের প্রধান তারেক রহমান সম্পর্কে কোন খারাপ মন্তব্য করেন নি। কিছু কর্মী উনার বক্তব্যে বিকৃত করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, এ ধরনের কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
২০২১ সালের ১৬ মার্চ ব্যারিস্টার মওদুদ আহমদ মারা যাওয়ার পর এলাকায় দলীয় কর্মকাণ্ডে না থাকলেও এবারের নির্বাচনে নোয়াখালী-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন হাসনা মওদুদ। কিন্তু মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হন। পরে দলের অনুরোধে মনোনয়ন প্রত্যাহার করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here