ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক :: হিমালয় পর্বতমালায় অবস্থিত অন্নপূর্ণা-১ পর্বত জয় করলেন বাবর আলী। প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্টজয়ী পর্বতারোহী অন্নপূর্ণা–১ জয়ের কৃতীত্ব দেখালেন।

আজ সোমবার সকালে তিনি পর্বতশৃঙ্গে পৌঁছান। ৮০৯১ মিটার পর্বতের চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়ান বাবর আলী। সেখানে তার সঙ্গে আছেন গাইড ফূর্বা অংগেল শেরপা।

পর্বতারোহী বাবর আলী পেশায় চিকিৎসক। তিনি চট্টগ্রামভিত্তিক পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্সের অন্যতম প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক। গত বছর প্রথম বাংলাদেশি হিসেবে একই অভিযানে বিশ্বের সর্বোচ্চ উচ্চতার মাউন্ট এভারেস্ট এবং চতুর্থ সর্বোচ্চ উচ্চতার লোৎসে পর্বত জয় করেন।

অন্নপূর্ণা-১ বিশ্বের দশম সর্বোচ্চ উচ্চতার পর্বত হলেও পর্বতারোহীদের মৃত্যুর হার বিবেচনায় বিশ্বের অন্যতম বিপজ্জনক পর্বত হিসেবে পরিচিত। দুর্গম এই পর্বত জয় করতেই গত ২৪ মার্চ বাংলাদেশ থেকে নেপালে যান বাবর আলী। প্রস্তুতিমূলক কাজ শেষ করে কাঠমান্ডু থেকে পোখারা হয়ে ২৮ মার্চ পৌঁছান অন্নপূর্ণা বেজক্যাম্পে। সেখানে এক দিন বিশ্রাম নেন। এরপর উচ্চতার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে ক্যাম্প–১–এ (৫২০০ মিটার) দুই রাত এবং ক্যাম্প–২–এ (৫৭০০ মিটার) এক রাত কাটিয়ে আবার ২ এপ্রিল নেমে আসেন বেজক্যাম্পে।

অভিযানের ব্যবস্থাপক ফরহান জামান বলেন, ‘অন্নপূর্ণা-১–এর শীর্ষে পৌঁছানোর মাধ্যমে বাবর আলী বাংলাদেশের পর্বতারোহণের ইতিহাসে একটি নতুন অধ্যায় যুক্ত করেছে। ওর কঠোর পরিশ্রম ও নিরলস অধ্যবসায়ের প্রতিফলন এই সাফল্য। আমরা আশা করি, এই অর্জন বাংলাদেশের পর্বতারোহণে নতুন দিগন্ত উন্মোচন করবে।’

ফরহান জামান জানান, বাবর আলী আজই ক্যাম্প–২–এ নেমে আসার চেষ্টা করবেন। সেখানে থেকে আগামীকাল ৮ এপ্রিল নামতে পারেন বেজক্যাম্পে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here