মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি ::
নোয়াখালীর সুবর্ণচরে ক্যান্সার আক্রান্ত ছেলেকে নিয়ে চিকিৎসার কাজে হাসপাতালে ছুটে খোয়ালেন পালিত ৪টি গরু। উপজেলার চরজব্বার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।  জানা যায়,  চুরি যাওয়া গরুগুলোর মধ্যে দুটি গাভী, একটি ষাঁড় ও একটি বকনা বাচুর রয়েছে। যার আনুমানিক মূল্য ৪ লক্ষ টাকা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চরজব্বার ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের বাসিন্দা আনোয়ার হোসেনের ছোট ছেলে আবু কাইসার ক্যান্সারে আক্রান্ত হওয়ায় চিকিৎসার কাজে দীর্ঘদিন ধরে ঢাকার আহ্ছানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে ছুটছেন।  খরচ মেটাতে তিনি নিঃস্ব হয়ে পড়েছেন। ধার-দেনা ও লোকজনের সহায়তায় কোনোমতে চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন।  পরিবারের একমাত্র সম্বল হিসেবে ৪টি গরু ছিল। গতরাতে( বুধবার) কোন একসময়  গরুগুলো চুরি হয়ে যায়। খবর পেয়ে আশেপাশের লোকজন এসে পুলিশে খবর দেন।
আনোয়ার হোসেন বলেন, “ছেলের চিকিৎসা নিয়ে ছুটাছুটিতে এমনিতেই বিপর্যস্ত। শেষ ভরসা ছিল গরুগুলো।প্রতিদিন দুধ বিক্রি করে পরিবারের খরচ চলত।  সেগুলোও নিয়ে গেল চোরেরা। এখন কীভাবে চলব বুঝতে পারছি না।”
চরজব্বার ইউনিয়নের বাসিন্দারা নিজাম উদ্দিন বলেন, “সমাজে এমন কিছু ব্যক্তি আছে, যারা চোরদের পৃষ্ঠপোষকতা করে। চোর ধরা পড়ার পর প্রভাব, ক্ষমতা আর টাকার জোরে তারা চোরদের ছাড়িয়ে আনে।”
স্থানীয় ৫নম্বর ওয়ার্ড জনপ্রতিনিধি রিয়াজুল মাওলা বলেন,   চোর চক্র এলাকায় দীর্ঘদিন ধরেই সক্রিয়। চুরি-ডাকাতির ঘটনায় চোর ধরা পড়লেও কয়েক দিন জেলে থেকে আবার ছাড়া পেয়ে যায়।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, স্থানীয় জনপ্রতিনিধির কাছ থেকে মৌখিক অভিযোগ পেয়েছি, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here