
ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য বুধবার ও বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে টানা চার দিনের ছুটি ও ভোট দিতে রাজধানী ছেড়ে অনেক মানুষ চলে গেছেন গ্রামে যার যার এলাকায়। এর প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে।
বুধবার রাজধানীর বেশির ভাগ বাজার ছিল প্রায় ক্রেতাশূন্য; বন্ধ ছিল অনেক দোকান।
এদিন রাজধানীর অন্যতম প্রধান পাইকারি বাজার কারওয়ান বাজারে দেখা গেছে এক ধরনের ক্রেতাশূন্যতা। বেশির ভাগ দোকান দেখা গেছে বন্ধ। কিছু দোকান খোলা থাকলেও ক্রেতা ছিল হাতে গোনা। একই অবস্থা দেখা গেছে নাখালপাড়া ও তেজকুনিপাড়ার মতো এলাকাভিত্তিক ছোট বাজারগুলোতেও। কারওয়ান বাজারে কিছু সবজির দোকান খোলা ছিল। তবে সেগুলোতে স্বাভাবিক সময়ের তুলনায় ক্রেতা কম দেখা গেছে।
নির্বাচনের পর বাজার আবার স্বাভাবিক হবে বলে আশাবাদী ব্যবসায়ীরা। কারওয়ান বাজারের মুদি ব্যবসায়ী মিজান স্টোরের মালিক মিজানুর রহমান বলেন, বাজারে পণ্যের কোনো সংকট নেই। চাল-ডালসহ সব ধরনের নিত্যপণ্যের সরবরাহ পর্যাপ্ত এবং দামও মোটামুটি স্বাভাবিক। কিন্তু ক্রেতা না থাকায় বাজার স্থবির হয়ে পড়েছে। অন্য বছরগুলোতে রমজানের আগে যে পরিমাণ বেচাকেনা হয়, এবার তার তুলনায় বিক্রি অনেক কম। ব্যবসায়ীরা এখন নতুন সরকারের অপেক্ষায় আছেন। সবারই প্রত্যাশা, নির্বাচনের পর পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে।
মুরগি ব্যবসায়ী মিলন মিয়া বলেন, ডিম-মুরগির সরবরাহ আছে কিন্তু ক্রেতা কম। মানুষ ভোট দেওয়ার জন্য বাড়ি চলে গেছে। যারা এখনও ঢাকায় আছে, তারা প্রয়োজন ছাড়া বাজারে আসছে না। নির্বাচনের আগে অপ্রয়োজনীয় ঝামেলা এড়াতে অনেকেই ঘরের বাইরে বের হওয়া কমিয়ে দিয়েছে। এ কারণে হয়তো বেচাকেনা কম।
নাখালপাড়া সমিতি বাজারের সবজি ব্যবসায়ী নাজমুল হোসেন বলেন, কাস্টমার কমে গেছে। এ জন্য দোকানে তিনি সবজি কম তুলেছেন।


