সামিন আরহাম, স্পোর্টস ডেস্ক ::
স্প্যানিশ সুপারস্টার আইতানা বোনমাতিকে পেছনে ফেলে নারী ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড় এখন ট্রিনিটি রডম্যান। যুক্তরাষ্ট্রের ক্লাব ওয়াশিংটন স্পিরিটের সঙ্গে রেকর্ডগড়া নতুন চুক্তিতে সই করেছেন সাবেক মার্কিন বাস্কেটবল কিংবদন্তি ডেনিস রডম্যানের মেয়ে।
গত ৩১ ডিসেম্বর ওয়াশিংটন স্পিরিটের সঙ্গে আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ‘ফ্রি এজেন্ট’ হয়ে গিয়েছিলেন ট্রিনিটি। অবশেষে শুক্রবার পুরোনো ক্লাবের সঙ্গেই তিন বছরের নতুন চুক্তি সেরেছেন এই ফরোয়ার্ড।
ক্লাব বা খেলোয়াড়, কেউই চুক্তির আর্থিক বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। তবে ইএসপিএন ও আল জাজিরার মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নতুন চুক্তিতে বোনাসসহ প্রতি বছর ২০ লাখ ডলার আয় করবেন ট্রিনিটি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৪ কোটি ৪৬ লাখ টাকা। ২০২৮ সাল পর্যন্ত তিনি ওয়াশিংটন স্পিরিটের হয়ে মাঠ মাতাবেন। ট্রিনিটির এজেন্ট মাইক সেঙ্কোভস্কিও ইএসপিএনকে নিশ্চিত করেছেন, এই চুক্তির ফলে ট্রিনিটিই এখন বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া নারী ফুটবলার।
এর আগে নারী ফুটবলে সর্বোচ্চ আয়ের রেকর্ডটি ছিল স্পেনের বিশ্বকাপজয়ী তারকা আইতানা বোনমাতির দখলে। টানা তিনবারের (২০২৩, ২০২৪ ও ২০২৫) ব্যালন ডি’অর জয়ী বার্সেলোনা তারকাকে এবার আয়ের দিক থেকে পেছনে ফেললেন ২২ বছর বয়সী মার্কিন তারকা ট্রিনিটি।
ক্যারিয়ারের শুরু থেকেই ওয়াশিংটনের হয়ে খেলা এই তারকা বলেন, ‘আমি অনেক সৌভাগ্যবান। এটি অনেক বড় একটি ঘটনা। আগের সবকিছু এখন বদলে যাবে।’