সৈয়দ মাহামুদ শাওন, তানোর থেকে ::
রমজানকে সামনে রেখে রাজশাহীর তানোর উপজেলার বিভিন্ন বাজারে কেমিক্যাল মিশ্রিত ভেজাল গুড় ও নিম্নমানের খেজুর বিক্রির অভিযোগ উঠেছে। ২২ ফেব্রুয়ারি তালন্দ, মুন্ডুমালা ও কালীগঞ্জসহ একাধিক বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। চাহিদা বাড়ায় অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছেন বলে অভিযোগ ক্রেতাদের।
তানোর পৌর এলাকার বাসিন্দা শাকিল জানান, বাজারে বিক্রি হওয়া অনেক গুড়ের রঙ অস্বাভাবিক উজ্জ্বল এবং প্রাকৃতিক ঘ্রাণ নেই। খেজুরও বাইরে ভালো দেখালেও ভেতরে নিম্নমানের পাওয়া যাচ্ছে। মুন্ডুমালার সোহানুর ইসলাম বলেন, রমজান সামনে রেখে কিছু ব্যবসায়ী ভেজাল পণ্য বাজারজাত করছেন, নিয়মিত তদারকি প্রয়োজন।
তালন্দ ও কালীগঞ্জ বাজারের কয়েকজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, পাইকারি বাজার থেকেই অনেক সময় নিম্নমানের খেজুর আসে।
তানোর উপজেলা কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, ভেজাল খাদ্য বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ। নিয়মিত বাজার মনিটরিং জরুরি।
তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান জানিয়েছেন, অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং তদারকি জোরদার করা হবে।