ঢাবি প্রতিনিধি::গত কিছুদিন ধরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে নানা ধরনের আলোচনা-সমালোচনা হয়ে আসছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করলেও শুরু থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসন হল খোলার ব্যাপারে অসম্মতি জ্ঞাপন করেন।

এমতাবস্থায় আবাসন নিয়ে শঙ্কায় পড়েন শিক্ষার্থীরা। স্বাস্থ্যবিধি মেনে হল খুলে দেয়ার ব্যাপারে উপাচার্য বরাবর স্মারকলিপিও প্রদান করা হয়। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা গ্রহণের সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আবেদন করেন।

শিক্ষার্থীদের দাবির বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমলে নেন। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার কলা অনুষদের ডীন অধ্যাপক ড. আবু মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে কলা অনুষদভুক্ত বিভাগসমূহের চেয়ারম্যানদের সমন্বয়ে একটি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।

সভায় পরীক্ষা গ্রহণ সংক্রান্ত সিদ্ধান্তের বিষয়ে আলোচনা হয়েছে। কলা অনুষদের বেশ কয়েকটি বিভাগের চেয়ারম্যান আবাসিক হল খোলার আগে সশরীরে পরীক্ষা না নেয়ার পক্ষে মত দিয়েছেন। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো গৃহীত হয়নি।

কলা অনুষদের ডীন অধ্যাপক ড. আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, “পরীক্ষা বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সাধারণত আগে আমরা সিদ্ধান্তগুলো ফাইনালাইজ করি এবং এরপর বিভাগসমূহের চেয়ারম্যানবৃন্দের কাছে পাঠাই। মিটিংয়ের সিদ্ধান্তসমূহ যে পর্যন্ত রেজ্যুলেশন আকারে না যায়, সে পর্যন্ত সেটি কোনো সিদ্ধান্ত নয়।’

এদিকে আগামী ১৩ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন’স কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে ধারণা করা হচ্ছে, পরীক্ষা গ্রহণের বিষয়ে সেদিনই চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here