ধামরাই (ঢাকা) প্রতিনিধি ::

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ (ধামরাই) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী তমিজ উদ্দিন। এটি তাঁর প্রথম জাতীয় সংসদ নির্বাচন হলেও এর আগে চারবার স্থানীয় সরকারের ভোটে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। এর কোনোটিতেই পরাজিত হতে হয়নি তাঁকে।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত সংসদ নির্বাচনে ধামরাই উপজেলায় ১৪৭টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। সব কেন্দ্রেই ধানের শীষ প্রতীকের প্রার্থী তমিজ উদ্দিন বিপুল ভোটে নির্বাচিত হন। তিনি মোট ভোট পেয়েছেন এক লাখ ৬০ হাজার ৪২৮টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নাবিলা তাসনিদ ভোট পেয়েছেন ৫৬ হাজার ৩৪৩।

এ আসনে ভোটার তিন লাখ ৭০ হাজার ৯৩৮ জন। ভোট পড়েছে দুই লাখ ৩৫ হাজার ৭২৩টি। এনসিপির নাবিলা তাসনিদকে তাঁর নিজ কেন্দ্র ধুলট সরকারি প্রাথমিক বিদ্যালয়েই ৯৮ ভোটে পরাজিত করেন তমিজ উদ্দিন। তিনি ওই কেন্দ্রে পেয়েছেন ৬৩২ ভোট আর নাবিলা পেয়েছেন ৫৩৪ ভোট। এ আসনে বিএনপি ও এনসিপি ছাড়াও বাংলাদেশ জাসদ, এবি পার্টি, খেলাফত মজলিস, জাতীয় পার্টির ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

তমিজ উদ্দিন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি। তিনি তিনবার ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং প্রায় ৪৪ বছর আগে ধামরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি কোনো নির্বাচনেই পরাজিত হননি।

এর মধ্যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে উপজেলা পরিষদ নির্বাচনে পর পর দুইবার চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। তাঁর কাছে বিপুল ভোটে পরাজিত হন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি বেনজীর আহমদ ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি এম এ মালেক এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র গোলাম কবির।

বিপুল ভোটে বিজয়ী করায় ধামরাইবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তমিজ উদ্দিন বলেন, এলাকার উন্নয়নের পাশাপাশি ধামরাইবাসী যাতে শান্তিতে বসবাস করতে পারেন, সেজন্য দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত ধামরাই গড়াই হবে আমার প্রধান কাজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here