
নরসিংদী প্রতিনিধি ::
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়কে সম্পূর্ণরূপে দুর্নীতি ও সিন্ডিকেটমুক্ত মন্ত্রণালয় হিসেবে গড়ে তোলা হবে।
শুক্রবার(২০ফেব্রুয়ারি) নরসিংদীর মনোহরদী উপজেলার হাফিজপুর গ্রামের নিজ বাড়িতে তাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নরসিংদীতে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা জনগণের দীর্ঘদিনের দাবির প্রতি একাত্মতা পোষণ করে বলেন, আপনারা দোয়া করবেন। যাতে নরসিংদীতে দ্রুত মেডিকেল কলেজ করতে পারি। এছাড়া বাংলাদেশে আরও যেখানে যেখানে দরকার হবে সবখানে করা হবে। নরসিংদীর ২৫০ শয্যা হাসপাতালসহ যেগুলো চালু হয়নি সেগুলো যেন দ্রুত চালু হয় এজন্য আমরা কাজ করবো এবং নরসিংদীতে ২টি আইসিইউ ইউনিটের ব্যবস্থা করা হবে।
এসময় নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো কলিমুল্লাহ, নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ এন এম মিজানুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি সরদার তোফাজ্জল হোসেন লিয়াকত, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রশিদ দোলন, বেলাব উপজেলা বিএনপির সভাপতি আহসান হাবিব বিপ্লব, মনোহরদী উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



