টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি ::

আমানতের টাকা না পেয়ে বিক্ষোভ করেছেন ব্যাংকের গ্রাহকরা। রোববার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের (সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি) টঙ্গী কলেজ গেট শাখার ভেতরে এ ঘটনা ঘটে। এ সময় ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকে।

গ্রাহকরা জানান, এই ব্যাংকে বহুদিন ধরে টাকা জমা রাখছেন তারা। এফডিআর, ডিপিএস, সেভিংস ও কারেন্ট অ্যাকাউন্ট আছে। সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকা দিচ্ছে না। অনেকের ডিপিএস অ্যাকাউন্টের মেয়াদ শেষ হয়েছে। এখন টাকা তুলে নিতে মাসের পর মাস ঘুরতে হচ্ছে।

সেভিংস অ্যাকাউন্টের গ্রাহক ইয়াসমিন বেগম জানান, অনেক কষ্ট করে এখানে কিছু টাকা জমিয়েছেন। কিছুদিন পর মেয়ের বিয়ে। জমানো টাকা তুলতে আসছেন কিন্তু দিচ্ছে না। টাকা তুলতে এলেই বলে আজ না অন্য দিন আসেন।
ব্যাংকের গ্রাহক রুবেল মোল্লা বলেন, ‘আমরা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক টঙ্গী কলেজ গেট শাখায় আমানত রাখি। আমাদের আমানতের টাকা ব্যাংক কর্তৃপক্ষ না দিয়ে বিভিন্ন টালবাহানা করছেন। লাখ লাখ টাকা ব্যাংকে থাকা সত্ত্বেও আমাকে ৫ হাজার, ১০ হাজার টাকা দিয়ে পরবর্তীকালে দেবেন বলে ক্রমাগত আশ্বাস দিয়ে যাচ্ছেন।’
গ্রাহক আব্দুল আজিজ জানান, তার ৬৫ লাখ টাকা জমা রাখা হয়েছে। এখন তার টাকার খুব দরকার। কিন্তু টাকা উঠাতে এলেই আজ না অন্য দিন আসেন বলে টালবাহানা করছেন ব্যাংক কর্তৃপক্ষ। এমন করে এক বছর ধরে আসা-যাওয়া হচ্ছে, কিন্তু পাচ্ছেন না।
ব্যাংকটির টঙ্গী শাখার ম্যানেজার আলী ইসলাম ফকির বলেন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক টঙ্গী কলেজ গেট শাখার গ্রাহকদের ব্যক্তিগত অ্যাকাউন্টের টাকা দেওয়া হচ্ছে। কিন্তু এফডিআর-এর বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে কোনো নির্দেশনা আসেনি। তাই টাকা দিতে পারছেন না। নির্দেশনা এলেই গ্রাহকদের টাকা দেওয়া হবে।
টঙ্গী পশ্চিম থানার ওসি মোহাম্মদ শাহীন খান বলেন, ব্যাংকের ঘটনা শোনার পর পুলিশ পাঠানো হয়। গ্রাহকরা তাদের জমানো টাকার জন্য ব্যাংকের ভেতরেই জড়ো হয়েছিলেন। পরে তাদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here