খাদেমুল ইসলাম ফরহাদ, ইবি প্রতিনিধি ::
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও শাখা ছাত্রদল নেতা জুবায়েদ রহমান হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। রোববার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক সংলগ্ন খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ করে সংগঠনটির নেতাকর্মীরা।
এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমি মিথুনের নেতৃত্বে উপস্থিত ছিলেন, যুগ্ম-আহ্বায়ক আনোয়ার পারভেজ, আনারুল ইসলাম, রোকন উদ্দিন, আবু দাউদ, আহসান হাবীব, সদস্য রাফিজ আহমেদ ও নূর উদ্দিনসহ অন্য নেতাকর্মীরা।
মিছিলে সংগঠনটির নেতাকর্মীরা ‘আমার ভাই মরলো কেন, ইন্টেরিম জবাব দে’, ‘আমার ভাই কবেরে, খুনি কেন বাহিরে’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই’, ‘জবিতে লাশ পড়ে, ইন্টেরিম কি করে’ ‘ইবিতে লাশ পড়ে, ইন্টেরিম কি করে’, ‘খুন হয়েছে আমার ভাই, ঘরে থাকার সময় নাই’, ‘শিক্ষা সন্ত্রাস, একসাথে চলে না’ ও ‘ছাত্রদলের অঙ্গীকার, নিরাপদ ক্যাম্পাস’সহ বিভিন্ন স্লোগান দেয়।
শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, আমরা জুলাইয়ের পরে একটি পরিবর্তিত বাংলাদেশ চেয়েছিলাম। কিন্তু একেরপর এক ছাত্রদল নেতাদের হত্যা করা হচ্ছে। ঢাবিতে সাম্য হত্যা এখন জবিতে জুবায়েদকে হত্যা করা হয়েছে। পাঁচ আগস্ট পরবর্তী সময়ে শিক্ষার্থী কিংবা কোনো সাধারণ মানুষের লাশ আমরা দেখতে চাইনি। আমরা এই হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে এই খুনিদের গ্রেফতার করে বিচার করতে হবে।
তিনি আরও বলেন, আমাদের ছোট ভাই সাজিদ হত্যার তিন মাস পার হলেও বিশ্ববিদ্যালয় ও কুষ্টিয়ার পুলিশ প্রশাসন কিছুই করতে পারেনি, তারা ব্যর্থ হয়েছে। এদিকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানে আগুন লাগছে। এসব করছে পালাতক হাসিনা। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আমাদের মতপার্থক্য থাকবে। কিন্তু আমরা একে অপরের শত্রু না। আমরা এই খুনিদের দ্রুত গ্রেফতার চাই।
প্রসঙ্গত, আজ রোববার সন্ধ্যার দিকে পুরান ঢাকার একটি ভবনের সিঁড়ি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়েদ রহমানের লাশ উদ্ধার করা হয়।  তিনি বিশ্ববিদ্যালয়ের ১৫তম ব্যাচের শিক্ষার্থী এবং শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here