সৈয়দ মাহামুদ শাওন, চাঁপাইনবাবগঞ্জ থেকে ::
একটাই লক্ষ্য হতে হবে দক্ষ, কারিগরি দক্ষতায় সমৃদ্ধি, এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী জব ফেয়ার ২০২৬। সোমবার (২ ফেব্রুয়ারি) ইনস্টিটিউট প্রাঙ্গণে কারিগরি শিক্ষার মানোন্নয়নে পরিচালিত ASSET প্রকল্পের আওতায় এ জব ফেয়ারের আয়োজন করা হয়।
সকাল ১০টায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ। ইনস্টিটিউটের অধ্যক্ষ ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান আব্দুল হক তালুকদার। চিফ ইনস্ট্রাক্টর (টেক/ফুড) ড. আরিফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথিরা অংশ নেনএ সময় বক্তব্য দেন প্রাণ গ্রুপের ম্যানেজার (অ্যাডমিন ও এইচআরএম) মেহেদী হাসান এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার প্রকৌশলী জাহিদুল ইসলাম।
উদ্বোধনের পর প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এবারের জব ফেয়ারে দেশের স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ১৩টি স্টল অংশগ্রহণ করে। চাকরি প্রত্যাশীদের কাছ থেকে সরাসরি ইন্টারভিউ ও ভাইভা গ্রহণ করেন কোম্পানিগুলোর প্রতিনিধিরা।
মেলা থেকে তাৎক্ষণিকভাবে ৩ জন চাকরি লাভ করেন, ৬৭ জনকে চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয় এবং ১৮০টি জীবনবৃত্তান্ত (সিভি) সংগ্রহ করা হয়, যা অংশগ্রহণকারী শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের ব্যাপক সাড়া ও আগ্রহের প্রমাণ বহন করে। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কারিগরি শিক্ষায় শিক্ষিত তরুণদের সরাসরি কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করতে এ ধরনের জব ফেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি শুধু কর্মসংস্থান সৃষ্টি নয়, দক্ষ জনশক্তি গড়তেও সহায়ক হবে।
এদিকে জব ফেয়ার উপলক্ষে নতুন বাংলাদেশ বিনির্মাণে কর্মসংস্থান সৃষ্টিতে শিল্পকারখানার ভূমিকা শীর্ষক একটি সেমিনারও অনুষ্ঠিত হয়। সেমিনারে বক্তারা বলেন, শিল্পপ্রতিষ্ঠান ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদার করা গেলে দক্ষ মানবসম্পদ তৈরি এবং বেকারত্ব হ্রাসে ইতিবাচক পরিবর্তন আসবে। শিক্ষার্থীদের বাস্তবমুখী প্রশিক্ষণ ও শিল্পখাতের চাহিদাভিত্তিক দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপাধ্যক্ষ সেলিম আহমেদসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং বিভিন্ন এলাকার দর্শনার্থী ও চাকরিপ্রত্যাশীরা উপস্থিত ছিলেন।