মোঃআশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ::
চাঁপাইনবাবগঞ্জে মাদক ও কিশোর গ্যাং বিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে মাদকবিরোধী স্টার নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মাদককে না বলুন, সুস্থ সুন্দর জীবন গড়ুন এবং মাদক ব্যবসায়ী যেখানে, প্রতিরোধ হবে সেখানে—এই শক্তিশালী স্লোগানকে সামনে রেখে আয়োজিত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান।
শুক্রবার (৯ জানুয়ারি) রাতে সদর উপজেলার শাহীবাগ চৌধুরীপাড়া ক্রিকেট একাডেমি মাঠে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ ও শাহীবাগ চৌধুরীপাড়া ক্রিকেট একাডেমির যৌথ উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদক শুধু একজন মানুষকে নয়, ধীরে ধীরে একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তরুণ সমাজকে খেলাধুলা ও সুস্থ বিনোদনের সঙ্গে যুক্ত রাখতে পারলেই মাদকের ভয়াবহ আগ্রাসন থেকে তাদের দূরে রাখা সম্ভব।
তিনি আরও বলেন, মাদক অপরাধ দমনে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা গড়ে তোলা অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানের শুরুতে মাদকবিরোধী শপথ পাঠ ও ‘মাদককে না বলুন’ স্লোগানের মাধ্যমে প্রধান অতিথি টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন। খেলাটি ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। উপস্থিত অতিথি ও দর্শকরা মাদকের বিরুদ্ধে এ ধরনের সচেতনতামূলক ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
এডভোকেট আব্দুল খালিদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের পরিদর্শক মো. রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমীরা।