শাব্বির এলাহী, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::
পবিত্র রমজান মাস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে বিনা লাভের বাজারে বিভিন্ন পণ্য কিনতে ভিড় করেছেন ক্রেতারা। যাঁর যাঁর পছন্দ ও চাহিদামতো বিভিন্ন ধরনের পণ্য কিনে নিয়েছেন। স্বাভাবিক বাজারের তুলনায় কম দামে পণ্য কিনতে পেরে ক্রেতারা খুশি।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজারে ‘বিনা লাভের বাজার গিয়ে জানা যায়, গত মঙ্গলবার থেকে এই বাজার চালু করেন নেছার, ফাহিম, সানি, সাকিব, সামাদ, সাকি, বেলাল ও ইলিয়াস নামে আট বন্ধু। প্রতিদিন দুপুর ২ টা থেকে রাত ১১ টা পর্যন্ত পুরো রমজান মাস চলবে এই বাজার।
বিনা লাভের বাজারে পেঁয়াজ, রসুন, আলুু,ডাল,সবজি ও ফলমূল ইত্যাদি নিত্য পণ্য বিক্রি করা হয়। । এখান থেকে বাজার করার পর নজমুল ইসলাম নামে এক ক্রেতা বলেন, আমি কাচা মরিচ ১৩০ টাকা কেজি ধরে কিনেছি। অথচ বাজারে কাচা মরিচ ১৮০ থেকে ২০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। আলু ১৫ টাকা করে নিয়েছি বাহিরে ২০ টাকা বিক্রি হচ্ছে। ধনিয়া পাতা এখানে ৩০ টাকা কেজি বিক্রি করেছে বাহিরে ৬০ থেকে ৭০ টাকা বিক্রি হচ্ছে। এখানে বাজার করে আমার বেশ টাকা সাশ্রয় হয়েছে।
বিনা লাভের বাজারের উদ্যোক্তা ফাহিম, সানি, সাকিব ও সাকি বলেন, পবিত্র রমজান মাস আসার সাথে সাথেই আমাদের দেশে অনেক পণ্যের দাম বাড়িয়ে দেওয়া হয়। সাধারণত নিম্ন আয়ের মানুষেরা অনেক কষ্ট করেন রোজা মাসে। এজন্য আমরা মাস ব্যাপি বিনা লাভের বাজারে চালু করেছি। যাতে অন্তত বিনা লাভের বাজার থেকে পণ্য কেনার পর কিছু টাকা সাশ্রয় হয় সাধারণ মানুষের। একই সাথে ক্রেতাদের কিছুটা স্বস্তি ফিরে আসবে।