সামিন আরহাম, স্পোর্টস ডেস্ক ::

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্ট খেলার অনন্য মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম। শুধু তাই নয়, ইতিহাসের ১১তম ক্রিকেটার হিসেবে নিজের শততম টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে এই উপলক্ষকে স্মরণীয় করে রেখেছেন তিনি। মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে ২১৭ রানের বিশাল জয়ে ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতে। তবে ৩৮ বছর বয়সী এই অভিজ্ঞ ব্যাটার স্পষ্ট জানিয়ে দিলেন, এখনই থামার কোনো পরিকল্পনা নেই তার।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঐতিহাসিক এই টেস্টের প্রথম ইনিংসে ১০৬ রানের অনবদ্য ইনিংস খেলেন মুশফিক। দ্বিতীয় ইনিংসেও ছিলেন অপরাজিত, করেন ৫৩ রান। তার এমন পারফরম্যান্সেই বড় জয়ের ভিত পায় বাংলাদেশ।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে দাঁড়িয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন মুশফিক। ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নেওয়া মুশফিক বলেন, ‘আমি আরও খেলতে চাই। সত্যি বলতে, প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। ১০০টি ম্যাচ খেলার সৌভাগ্য হয়েছে এবং এর প্রতিটি সেকেন্ড আমি উপভোগ করেছি।’

তরুণদের নিয়ে গড়া বর্তমান দলের ভবিষ্যৎ নিয়েও বেশ আশাবাদী সাবেক এই অধিনায়ক। নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন মুশফিক বলেন, ‘আমি সত্যিই ভাগ্যবান! সতীর্থদের সঙ্গে যা কিছু পারি, সব ভাগ করে নিতে পারছি। একসময় নিজেকে তরুণ খেলোয়াড় মনে হতো, কিন্তু এখন আর তা নেই। এখন আমি দলে সিনিয়র, আর তরুণদের পথ দেখানোই আমার দায়িত্ব। আমি নিশ্চিত, ওরা আমার কাছ থেকেও শিখবে, অন্যদের কাছ থেকেও শিখবে। আশা করি, সবাইকে নিয়ে আমরা বাংলাদেশ ক্রিকেটকে আরও এগিয়ে নিতে পারব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here