খাদেমুল ইসলাম ফরহাদ, ইবি করেসপন্ডেন্ট ::
ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের স্নাতক (সম্মান) সমাপনী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল অ্যাকাডেমিক ভবন থেকে র‍্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র‍্যালিতে বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুস সালাম, অধ্যাপক ড. মোহাঃ তোজাম্মেল হোসেন, অধ্যাপক ড. আব্দুল মোত্তালিব, অধ্যাপক ড. এ. কে. এম. শামছুল হক ছিদ্দিকী, অধ্যাপক ড. এ. কে. এম. মফিজুল ইসলাম ও অধ্যাপক ড. রফিকুল ইসলামসহ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিভাগের শিক্ষার্থী মিলন রানা মুরাদ বলেন, আজ আমাদের স্নাতক (সম্মান) শ্রেণির শেষ ক্লাস। শিক্ষকদের নিরলস প্রচেষ্টা ও দিকনির্দেশনায় আমরা সফলভাবে এই অধ্যায়ের সমাপ্তি টানতে পেরেছি। স্যারদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা, আর সহপাঠীদের প্রতি রইল ভালোবাসা। আজ এক অধ্যায়ের সমাপ্তি হলেও শিখন, অনুসন্ধান ও উন্নতির পথ চলা এখানেই শেষ নয়। আমরা আশা করি, চার বছরের শিক্ষা আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করতে পারবো।
আলোচনা সভায় বিভাগের শিক্ষকরা বলেন, আমরা আনন্দিত যে, আমাদের বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের মধ্যে আরবী বিভাগই প্রথম অনার্স কোর্স সম্পন্ন করেছে। এটি আমাদের বিভাগের জন্য একটি গৌরবের বিষয়। মহান আল্লাহর কাছে এ অর্জনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের শিক্ষার্থীরা শুধু অ্যাকাডেমিক নয়, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও বিভাগের সুনাম বৃদ্ধি করেছে। ভবিষ্যৎ কর্মজীবনেও তোমরা বিভাগের গৌরব অটুট রাখবে বলে আমাদের বিশ্বাস।
এর আগে দুপুর ১২টায় বিভাগের ৩০১ নম্বর কক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে র‍্যালি শেষে শিক্ষার্থীরা ফটোসেশন, দুপুরের খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে স্নাতক সমাপনী উদযাপন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here